দেশের সব মহানগরী ও জেলা-উপজেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ ঘোষণা দেন।
বিবৃতিতে বলা হয়, সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করে এ দেশের দেশপ্রেমিক ইসলামী শক্তিকে নিশ্চিহ্ন করতে চায়। দেশের জনগণ সরকারের এ ষড়যন্ত্র কখনো বাস্তবায়ন করতে দেবে না। এ দেশে ইসলামের শিকড় জনগণের হৃদয়ের গভীরভাবে গ্রোথিত। জনগণের হৃদয় থেকে এ শিকড় কখনো উপড়ে ফেলা যাবে না।
জামায়াত নেতা ডা. শফিকুর বলেন, সরকার ইসলামের ওপর যতই আঘাত হানবে, দেশপ্রেমিক ইসলামী জনতা ততই তাদের বিশ্বাসে আরও বলীয়ান হবে ইনশাআল্লাহ। সরকারের সকল জনস্বার্থ এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমরা বাংলাদেশের আপামর জনগণের প্রতি আবারও আহবান জানাচ্ছি।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ কারাবন্দী শীর্ষ নেতৃবৃন্দ এবং অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে আসন্ন ঈদুল ফিতরের পূর্বেই নেতাকর্মীদের মুক্তি প্রদান এবং
ঢাকা ও মাদারীপুরসহ বিভিন্ন জায়গায় সরকারী দলের সন্ত্রাসীদের সন্ত্রাসী তাণ্ডব বন্ধের দাবিতে আমি ৬ জুলাই সোমবার দেশের সকল মহানগরীতে এবং ৭ জুলাই মঙ্গলবার দেশের সকল জেলা-উপজেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষিত দু'দিনের এ কর্মসূচি শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে পালন করার জন্য আমরা সংগঠনের সকল শাখার প্রতি আহবান জানাচ্ছি এবং উক্ত কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করার জন্য প্রিয় দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।
এআর





