আওয়ামী লীগ মুজিববর্ষ নিয়ে রাজনীতি করছে বলে দাবি করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

তিনি আরও বলেন, “মুজিববর্ষ যদি জাতীয় অনুষ্ঠান হয়ে থাকে তাহলে সেই অনুষ্ঠানে খালেদা জিয়া, সব মুক্তিযোদ্ধা, বিএনপিসহ বিরোধী দলীয় নেতা যারা জেলে আছেন তারা কেউই থাকতে পারতেন না।”

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘করোনাভাইরাস: বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিস্থিতি’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

করোনা প্রসঙ্গে মান্না বলেন, “আমরা নতুন একটি বৈশ্বিক দুর্যোগে রয়েছি। আমাদের দেশের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা করা দরকার হয় আমরা করবো। কিন্তু সমস্যা তো গভীর এবং সমস্যার ব্যাপারে বিস্তারিত আমরা কেউই জানি না।”

তিনি আরও বলেন, “আমাদের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন বাংলাদেশে মহামারীর মতো সংকট নেই। তবে এই রোগ যদি মহামারী আকারে ছড়িয়ে পড়ে সেই সংকট মোকাবিলা করার মতো ক্ষমতা সরকারের নেই। এজন্য আমরা চিন্তিত।”

নিজে সচেতন থাকাই ভালো উল্লেখ করে মান্না বলেন, “করোনাভাইরাস নিয়ে সরকার যখন সচেতন তাহলে হেক্সিসল পাওয়া যায় না কেন? যেকোনও সময় হাত ধোয়া যায় তেমন লিকুইড কেমিক্যাল একটিও বাজারে নেই। সরকার এ বিষয়ে কিছু করতে পারলো না। সরকার ডেঙ্গু থেকে আমাদের রক্ষা করতে পারেনি। করোনা থেকে আমাদের রক্ষা করতে পারবে না। এখন করোনা নিয়ে তারা রাজনীতি করছে। করোনা থেকে মানুষকে রক্ষা করার চেষ্টা করছে না।”

তিনি বলেন, “আন্তরিকভাবে আমরা চাই, করোনা ভাইরাস যাতে আমাদের দেশে মহামারী আকারে বিস্তার না করে। একইসঙ্গে আমরা বলতে চাই, করোনা আক্রান্ত হয়ে মানুষ মারা গেলে যেমন আমরা কষ্ট পাবো, ঠিক তেমনি বিনা চিকিৎসায় খালেদা জিয়া মারা গেলে আমরা ক্ষুদ্ধ হবো।”

বাংলাদেশে তিন জন ছাড়া আর কেউ করোনায় আক্রান্ত নেই প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে যে আর কোনও করোনা আক্রান্ত রোগী নেই সেই নিশ্চয়তা আপনি কীভাবে পেয়েছেন?”

এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ,যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের চেয়ারম্যান মেহেদী হাসান পলাশ।

এমবি