আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগের সাবেক সভাপতি, ডাকসুর সাবেক ভিপি এবং মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মো. মনসুর আহমদ কুলাউড়ায় কর্মী সভা করে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়েছেন।
বুধবার বিকালে কুলাউড়া শহরের একটি বাসায় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দীর্ঘদিন আমাকে দলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। কাজেই দেশ ও জনগণের পক্ষে আমার যে ভূমিকা থাকার কথা ছিল তা থেকে আমি বঞ্চিত। ছাত্র রাজনীতির মধ্য দিয়ে যারা দল ও দেশের জন্য উপযুক্ত তাদের নিষ্ক্রিয় করে রেখে আওয়ামী লীগে ইনু, এইচটি ইমামদের নিয়ে কচিকাঁচার আসর বসানো হয়েছে। জাতীয় সংকট ঘনীভূত হচ্ছে। দুর্বৃত্তায়িত রাজনীতির কবলে পড়ে জাতীর ঐক্যের ফাটল ক্রমাগত প্রশস্থ হচ্ছে। এমতবস্থায় একজন রাজনৈতীক কর্মী হিসেবে ঘরে বসে বসে আমি নিঃশেষ হতে পারি না। তিনি বলেন, আমার হাতে দুটি অপশন আছে- হয় রাজনীতি বাদ দেয়া নতুবা রাজনীতিতে সক্রিয় হওয়া।
উল্লেখ্য, এতদিন ঢাকায় বিভিন্ন সভায় সুলতান মো. মনসুর বর্তমান সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বললেও এই প্রথম তার নির্বাচনী এলাকায় কর্মী সভায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন। ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জোটে সুলতান মো. মনসুরের যোগদানের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। সূত্র:যুগান্তর
জেডআই





