দুদকের করা দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজধানীর বকশি বাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত বিশেষ আদালতে হাজির হন তিনি।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা দুই মামলার বিচারিক কার্যক্রম চলছে তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।

খালেদা জিয়ার পক্ষে আদালেতে উপস্থিত রয়েছেন, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারসহ প্রায় অর্ধশতাধিক আইনজীবী।

দলীয় নেতাদের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সাধারন সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ আদালতে উপস্থিত রয়েছেন।

এর আগে সর্বশেষ গত আগস্ট মাসের ১৮ তারিখ বেগম খালেদা জিয়া বাদী পক্ষকে জেরার শুনানীর সময় আদালতে উপস্থিত ছিলেন।

গত ২৯ আগস্ট ও ৩ সেপ্টেম্বর পর পর দু’টি তারিখে আদালতে হাজির হননি খালেদা জিয়া।

এদিকে বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজির হওয়াকে কেন্দ্র করে বকশি বাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠের আশেপাশে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী  করা মোতায়েন  হয়েছে। রা্যব-পুলিশের পাশাপাশি বিভিন্ন এজেন্সির সদস্যদেরকেও নিয়োজিত করা হয়েছে।

তবে দলীয় নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে ঢাকা মেডিকেল কলেজ গেট, চানখার পুলসহ আশেপাশে এলাকায় অবস্থান নিয়েছে। খালেদা জিয়া আদালতে প্রবেশ করার সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এমএইচ