বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারী এন্ড রেস্টুরেন্টে জঙ্গি হামলা ও নারকীয় হত্যার বিরুদ্ধে দেশের সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।
আজ ৩ জুলাই সকাল ১১টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে পার্টি নেতৃবৃন্দ এ আহবান জানান।
পার্টি ঢাকা মহানগর কমিটির সভাপতি কমরেড আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড কামরূল আহসান, কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড আমিরুল হক আমিন, কমরেড মোস্তফা আলমগীর রতন, মহানগর নেতা কমরেড কিশোর রায়, কমরেড মদিনা খানম, কমরেড শাহানা ফেরদৌসী লাকী, কমরেড মুর্শিদা আখতার নাহার প্রমুখ।
নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সন্ত্রাসী গোষ্ঠী আক্রমণের যে নতুন মাত্রা ও টার্গেট করেছে তা আরো পুনরাবৃত্তি ঘটতে পারে। এই পরিস্থিতি মোকাবেলা করার সর্বোচ্চ উদ্যোগ আমাদের সরকার ও আইনশৃংখলা বাহিনীকে নিতে হবে।
অপর দিকে সন্ত্রাসীদের মোকাবেলা রক্ষার ক্ষেত্রে মাত্র ১০ ঘণ্টায় ন্যূনতম ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে সন্ত্রাসী গোষ্ঠীকে পরাজিত করতে আমাদের সেনাবাহিনী, নৌ বাহিনী, সোয়াট, বিজিবি, র্যাব, পুলিশ বাহিনী সাহস ও দক্ষতার যে প্রমাণ রেখেছেন তাদের অভিনন্দন, শুধু তাই নয় এই অপারেশন পরিচালনায় মাননীয় প্রধানমন্ত্রীকেও এই সফলতার জন্য অভিনন্দন।
সন্ত্রাসীদের মোকাবেলায় প্রথম ধাপেই বনানী থানার ওসি সালাউদ্দিন ও ডিবি সহকারী কমিশনার রবিউল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মৃত্যু একটি বড় ক্ষতি এবং ঐ সাহসী পুলিশ অফিসারদের দেশপ্রেম তুলনাহীন।
তাদের মৃত্যুতে নেতৃবৃন্দ তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। এ ছাড়াও জঙ্গিদের আক্রমণে সাধারণ নাগরিকসহ অন্য সাধারণ মানুষ যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতিও গভীর শোক ও সমবেদনা জানান। পুলিশ কনস্টেবলসহ আরো যারা আহত হয়েছেন তাদের প্রতিও সমবেদনা জানান। নেতৃবৃন্দ জঙ্গি গোষ্ঠীর এই বর্বর আক্রমণ এবং দেশী-বিদেশী ষড়যন্ত্র মোকাবেলায় এদেশের সকল প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
সভায় ১৪ দল আহূত জঙ্গিবাদ বিরোধী প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আগামী ১১ জুলাই দেশব্যাপী প্রতিরোধ সপ্তাহ সফল করার আহবান জানান।
এফএফ





