ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রোববার ১টায় রাজধানীর স্থানীয় সরকার ইনস্টিটিউটে ডিএনসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর বাবলু সাংবাদিকদের বলেন, নির্বাচনী পরিবেশ দেখে যেটা মনে হচ্ছে, এখন পর্যন্ত সবাই আইন মেনে চলছে। নির্বাচন কমিশনের ভূমিকা পর্যাপ্তই মনে হচ্ছে। আজকের পর বোঝা যাবে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে কিনা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অবস্থায় আমি সিটি নির্বাচনে সেনাবাহিনী নামানোর দাবি জানাই।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কেবি





