সুনামগঞ্জে নিখোঁজ প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব ও তার গাড়ি চালক সোহেলকে উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর জেলার টঙ্গি ব্রিজের নিচে থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাদের উদ্ধার করা হয়। বর্তমানে তারা রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিখোঁজ মুজিবের ভাগ্নি জামাতা অধ্যক্ষ রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গুলশান জোনের উপপুলিশ কমিশনার লুৎফুর কবির জানান, বিএনপি নেতা মুজিবুর রহমানকে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে। তিনি সুস্থ হলে তিন মাস কোথায় ছিলেন, কারা তাকে অপহরণ করেছিল এ ব্যাপারে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া সুনামগঞ্জ পুলিশকে খবর দেয়া হয়েছে। সেই সঙ্গে ইউনাইডেট হাসপাতাল এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।
যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান নিখোঁজ হওয়ার পর দেশ-বিদেশে বিশেষ করে যুক্তরাজ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়। এ ঘটনার পর যুক্তরাজ্যে প্রতিনিধি দল বাংলাদেশে আসেন। তারা নিখোঁজ প্রবাসী নেতাকে উদ্ধারের জন্য সরকারের ওপর চাপ প্রয়োগ করেন। এরপর যুক্তরাজ্য একটি গোয়েন্দা সংস্থা বাংলাদেশে এসে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এবং মুজিবুর রহমানকে উদ্ধারের আহবান জানায়।
গত ৪ মে বিএনপির গণঅনশন কর্মসূচি শেষে বিকালে শহরের হাজিপাড়া থেকে চালকসহ প্রাইভেটকার নিয়ে সিলেটে যাওয়ার পথে নিখোঁজ হন যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব। এ ঘটনায় ৬ মে মুজিবের ভাগ্নি জামাতা অধ্যক্ষ রবিউল ইসলাম সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) এবং ৯ মে রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





