হরতাল নয়, এবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিতে যাচ্ছে ২০ দলীয় জোট। আগামী বুধবার অথবা বৃহস্পতিবার এ কর্মসূচি পালিত হবে বলে জোট সূত্রে জানা গেছে।

রোববার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত ২০ দলীয় জোটের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

বৈঠকে অংশ নেয়া একাধিক সূত্র টাইমনিউজবিডি'কে জানিয়েছেন, হরতালের মত কঠোর কর্মসূচির পক্ষে অনেক নেতাই মতামত দিলেও খালেদা জিয়ার সর্বশেষ বক্তব্যে মনে হয়েছে এই মুহুর্তে তিনি হরতালের মতো কঠোর কর্মসূচি চান না।

তবে আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানানো হবে। মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী হওয়ায় বুধবার অথবা বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

বেগম খালেদা জিয়া ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়, জামায়াতে ইসলামীর পক্ষে মাওলানা আব্দুল হালিম। জাতীয় পার্টির একাংশের (কাজী জাফর) পক্ষে ড. ইআইএম ফজলে রাব্বিসহ ২০ দলের শীর্ষ নেতারা।

সোমবার রাত পৌনে ৮টায় খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের জন্য শোক পালন ও দোয়া-মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মো. ইসহাক।

এমএইচ/ এআর