১৯৭১ ও '৭৫ সালের ঘাতকদের বুলেট এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাড়া করে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহম্মদ নাসিম।
বুধবার বিকালে রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে রংপুর মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রংপুর মেডিকেল কলেজের সাবেক ভিপি ডা. মোহম্ম ইউনুস আলী সরকার দশম জাতীয় সংসদে এমপি নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য ৭১ ও ৭৫ এর ঘাতকরা এখনো দেশের আনাচে-কানাচে ঘুরে বেড়াচ্ছে। তারাই ২১ আগস্টসহ বিভিন্ন সময় শেখ হাসিনাকে হত্যা করার জন্য পাঁয়তারা করেছিল। তাই মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে এই ঘাতকদের মোকাবেলা করতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। ১০ জাতীয় সংসদ নির্বাচনের আগে তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল। তাদের নৈরাজ্যে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যকে প্রাণ দিতে হয়েছে। আজও তারা ষড়যন্ত্র করছে। কিন্তু ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের পর দেশে আজ শান্তি বিরাজ করছে।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (১৭ মার্চ) জন্মদিন উপলক্ষে আগামী বছর থেকে সরকারি হাসপাতাল ও ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার ঘোষণা দেন।
রংপুর মেডিকেল কলেজের প্রক্তন ছাত্র ডা. নিহার রঞ্জন সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএমএ সভাপতি মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল হাসান, সহ-সভাপতি রোকেয়া সুলতানা প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
রাজনীতি
বুলেট এখনো প্রধানমন্ত্রীকে তাড়া করছে: নাসিম
১৯৭১ ও '৭৫ সালের ঘাতকদের বুলেট এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাড়া করে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহম্মদ নাসিম





