চলমান অবরোধ কর্মসুচির মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে গুলি করার প্রতিবাদে ২০ দলের ডাকা হরতালের সমর্থনে রাজধানীর বেইলী রোড ও রমনা এলাকায় মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।

এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব ও স্বেচ্ছাসেবকদলের সভাপতি হাবিব উন-নবী খান সোহেল।

বৃহস্পতিবার সকাল ১১টায় মিছিলটি বেইলী রোড থেকে শুরু হয়ে ভিকারুননিছা স্কুল প্রদক্ষিণ করে রমনায় গিয়ে শেষ হয়।
এ সময় মিছিলকারীরা হরতালের সমর্থনে বিভিন্ন শ্লোগান দেয়। মিছিলে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাদরেজ জামান, সহ-দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, হাজী মো: লিটন, আবুল কালাম আজাদ, অ্যাড. লোবান, সওগাতুল ইসলাম ছগির,রফিকুল ইসলাম, জেড আই কামাল, মোজাম্মেল হক মৃধা, আতিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা নুরজ্জামানসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানকে মঙ্গলবার রাতে গুলি করে মারাত্মক আহত করার প্রতিবাদে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে হরতাল চলছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দেশব্যাপী টানা ২৪ ঘণ্টার হরতাল ডাকা হয়েছিল।
কিন্তু মঙ্গলবার মধ্যরাতের ওই ঘোষণার পর বুধবার দুপুরে এক বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালনের আহবান জানান।

এমএইচ/ইআর