বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার সহ-সভাপতি মাওলানা আলমগীর হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন।
গত ৬ অক্টোবর ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ১০টার দিকে ৫৮ বছর বয়সে তিনি মারা যান। তার স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে রয়েছে।
কক্সবাজার জেলার গোল চক্কর মাঠে জানাজা শেষে তাকে দক্ষিণ বাহারছড়া কবরস্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী
মাওলানা আলমগীর হোসেনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
শোকবাণীতে তিনি বলেন, মাওলানা আলমগীর হোসেনের ইন্তেকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। ইসলাম প্রতিষ্ঠার তামান্না নিয়ে তিনি ইসলামী শরিয়াহ মোতাবেক জীবন-যাপনের চেষ্টা করতেন এবং দ্বীন প্রচার ও প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরো বলেন, ইতোমধ্যে তিনি দুনিয়ার সফর শেষ করেছেন। শুরু হয়েছে তার অনন্তকালের সফর। এই সফরে আল্লাহ রাব্বুল আলামীন তার একান্ত সাহায্যকারী হোন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রতিটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন।
আমিরে জামায়াত বলেন, আল্লাহ তায়ালা তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন ও তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন। বিজ্ঞপ্তি





