বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল বলেছেন, রমজান মাস কোরআনের মাস, বিজয়ের মাস, তাকওয়া ও আত্মশুদ্ধির মাস।

শুধু গতানুগতিক পন্থায় পানাহার থেকে বিরত থাকলে রমজান থেকে উপকৃত হওয়া যাবে না। রমজানের প্রকৃত শিক্ষাই হচ্ছে যাবতীয় পাপাচার ও অনাচার থেকে মুক্ত থেকে আত্মশুদ্ধির মাধ্যমে তাকওয়া অর্জন করা।

এ মাসে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বমানবতার মুক্তির সনদ আল কোরআন নাজিল করেছিলেন বলেই এ মাসের মর্যাদা অন্য মাসের চেয়ে অনেক বেশি। কুরআন অনুসরণ করে সমাজ পরিচালিত হলে আজকের সমাজে এত অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতন থাকত না।

এজন্য কুরআনের জ্ঞান সম্পনড়ব ব্যক্তিদের সমাজ ও রাষ্ট্রের নেতৃত্বে আনতে পারলেই ন্যায়-ইনসাফ ও শান্তির সমাজ বিনির্মাণ করা সম্ভব। ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তিত হওয়ার সম্ভাবনা নেই। সামাজিক বৈষম্য ও ধনী-গরিবের ব্যবাধান কমিয়ে আনতে মাহে রমজান হচ্ছে একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগরীর মজলিসে শূরা সদস্য ও পল্টন থানার ভারপ্রাপ্ত আমীর আমিনুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ড. এডভোকেট হেলাল উদ্দিন। এতে আরো বক্তব্য রাখেন জামায়াত নেতা আলমগির হোসেন, কেএম মনির হোসেন, এবিএম আব্দুল্লাহ, আব্দুল কাদের প্রমুখ।

নুরুল ইসলাম বুলবুল আরো বলেন, দেশে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টির লক্ষ্যেই আজ ইসলাম বিরোধী শক্তি ইসলাম ও ইসলামী আন্দোলনকে নস্যাৎ করে দিতে নানামুখী অপপ্রচার ও মিথ্যাচারের পথ বেছে নিয়েছে। সেই সঙ্গে ইসলামপন্থী সংগঠন ও ব্যক্তিবর্গের উপর চালানো হচ্ছে জুলুম-নির্যাতন। দেশের মানুষ তাদের এই ষড়যন্ত্র ও অপপ্রচারে বিভ্রান্ত নয়।

যুগে যুগে আল্লাহ কাফের-বেঈমানদের মিথ্যাচারকে মানুষের সামনে যেমন উম্মোচিত করে দিয়েছেন এবং সত্যকে বিজয় দান করেছেন তেমনিভাবে আজও যারা অপপ্রচার, মিথ্যাচার, জুলুম-নির্যাতন করে আল্লাহর দ্বীনকে নিঃশেষ করে দিতে চায় সময়ের ব্যবধানে আল্লাহ তাদের ষড়যন্ত্রকেও ব্যর্থ করে দিবেন।

সুতরাং ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নব্য জাহেলিয়াতের অন্ধকার থেকে মানবতাকে মুক্ত করে সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইসলামী সমাজ বিনির্মাণের আন্দোলনে শরিক হওয়ার জন্য তিনি সকল শ্রেণী ও পেশার মানুষের প্রতি আহবান জানান।

এসএইচ