খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আমি গ্যারান্টি দিতে পারি। ঈদের পর বিএনপির আন্দোলনের হুমকি জনমনে ভীতি সঞ্চার ছাড়া কিছুই হবে না।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে দেশরত্ন পরিষদ আয়োজিত ‘শেখ হাসিনার কারাবন্দী দিবস ও অবরুদ্ধ গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

কামরুল বলেন, ঈদের পর খালেদা জিয়া কিছু সফরের কর্মসূচিসহ সমাবেশ করবেন। এর মধ্যেই তাদের আন্দোলন সীমাবদ্ধ থাকবে। ভীতি সঞ্চার করার জন্য এখন আন্দোলনের হুমকি দিচ্ছেন। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল তারা কোন কিছুতে ভয় পায়না।

 

তিনি বলেন, আবার একটি নতুন ষড়যন্ত্র করতে মা-ছেলে পবিত্র মক্কায়
যাচ্ছেন। তবে যতই ষড়যন্ত্র করেন কোন লাভ হবে না। মানুষ আপনাদের ডাকে সাড়া দেবে না।

সংগঠনের সভাপতি চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

ঢাকা, এমআর ,১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম)এসআর