গুলশানের রেষ্টুরেন্টে সহিংস পরিস্থিতি মোকাবেলা করার জন্য দলমত নির্বিশেষে সকলকে নিয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে জাতীয়তাবাদী দল-বিএনপি।

শুক্রবার মধ্য রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানায় বিএনপি। একই সঙ্গে যেসব বিদেশিদের জিম্মি করা হয়েছে তাদেরকে নিরাপদে মুক্ত করার জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করবেন বলে ও আশা করে বিএনপি।

গুলশানের এলাকাবাসী এবং অত্র এলাকার বাসিন্দা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার জন্য সরকারের প্রতি আহ্বানও জানায় দলটি।

বিবৃতিতে দলটি অরো বলেছে, অত্র এলাকায় বসবাসরত বিদেশি কুটনীতিকদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দ্রুত সময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

একই সাথে দলটি বলছে বিএনপি সবসময় বলে এসেছে-দেশ একটি গভীর সংকটকাল অতিক্রম করছে। আজকের ঘটনা সেই গভীর সংকটেরই বহি:প্রকাশ।

আইন শৃঙ্খলা বাহিনী সাহস ও দৃঢ় প্রত্যয় সহকারে পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবে বলেও বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে।

জিম্মিদের মুক্ত করতে যেসকল পুলিশ সদস্য নিহত হয়েছেন বিএনপি তাদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। একই সথে আহতের আশু সুস্থতা কামনা করছে দলটি।

দলটি আরো বলছে, বিএনপি আরো দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, এই সহিংস ঘটনায় জড়িত দুস্কৃতিকারিদের দ্রুত সময়ের মধ্যে আটক করতে আইন প্রয়োগকারী সংস্থা সক্ষম হবে।

এসএম