সম্প্রতি তারেক রহমানের দেয়া বক্তব্য নিয়ে আওয়ামী লীগের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। তিনি বলেন, জিয়া পরিবারের ভয়ে সরকার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই ২১ আগস্টের মামলায় তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের বিরুদ্ধে সরকারের অব্যাহত মিথ্যা, অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তারেক রহমানের বক্তব্যের জবাবে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে অত্যন্ত নিম্নমানের বক্তব্য দিচ্ছে।  
ব্যারিস্টার রফিক দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন,এ সরকার সহজে নির্বাচন দেবে না। তাই জেলের ভয় না করে রাজপথে আসতে হবে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু,যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু ও সাংগঠনিক সম্পাদক সফিউল বারী বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]