শিক্ষাব্যবস্থাকে অনৈসলামিকীকরণের প্রতিবাদে ও বিভিন্ন দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। আজ বারীধারা মাদরাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী শুক্রবার বাদ জুমা এ বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ধর্মনিরপেক্ষতার নামে যে ধর্মহীনতা ও বিজাতীয় সংস্কৃতি জাতির ঘাড়ে চাপিয়ে দেয়া হচ্ছে, এ ব্যাপারে ওলামা মাশায়েখ ও ইসলামী নেতৃবৃন্দ বিভিন্ন সময় যে অভিযেগ করে আসছেন, তা-ই আজ সত্য প্রমাণিত হয়েছে।

এতে বলা হয়, আমরা মনে করি জাতিকে ধর্মহীন ও ইসলাম-বিদ্বেষী করার এক মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। দেশের শিক্ষা সংস্কৃতিকে অনৈসলামিকীকরণের প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া অব্যাহত থাকলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় ঐতিহ্য, স্বাতন্ত্র ও সাংস্কৃতিক ঐতিহ্য বিলুপ্ত হবে।

সংবাদ সম্মেলনে বিভিন্ন শ্রেণীর পাঠ্যবই থেকে যে সব ইসলাম বিষয়ক রচনা ও কবিতা বাদ দেয়া হয়েছে, সেগুলি উল্লেখ করা হয়। পাশাপাশি যে সব ইসলামী নৈতিকতা-বিরোধী রচনা অন্তর্ভুক্ত করা হয়েছে, সেগুলির কথাও উল্লেখ করা হয়।

হেফাজত নেতৃবৃন্ধ ২০০০ সালে প্রণীত শিক্ষানীতি অনুযায়ী যে শিক্ষা আইন তৈরী করা হচ্ছে, তা-ও বাতিলের দাবি জানান। পাশাপাশি কওমি মাদ্রাসার শিক্ষা নিয়ন্ত্রণেরও দাবি জানান হেফাজত নেতারা।

সংবাদ সম্মেলনে হেফাজতের ঢাকা মহানগরীর আহ্বায়ক আল্লামা নূর হোসাইন কাসেমী, মহানগরীর যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুর রব ইউসূফী, মাওলানা আবুল কালাম, ড. আহমদ আব্দুল কাদের, অধ্যাপক আব্দুল করিম, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামেদী ও মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এমআএস।