ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া নারায়ণগঞ্জে আলোচিত ৭ হত্যাকাণ্ডের সঙ্গে তার পরিবারের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন।
শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসনিার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ সব  কথা বলেন।
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে সম্প্রতি সংগঠিত নজরুল ইসলামসহ ৭ হত্যার ঘটনার মামলায় অভিযুক্তদের সঙ্গে আমার পরিবারের কোন সদস্যের কখনোই কোন যোগাযোগ, ব্যবসায়িক লেনদেন কিংবা সম্পর্ক ছিল না।’
মায়া বলেন, এ ঘটনায় সঙ্গে আমার পরিবারের সদস্যদের জড়িয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের সংবাদ পরিবেশিত হচ্ছে। এটি আমাকে ভীষণভাবে মর্মাহত করেছে। আমার পরিবারের সন্মানহানি করেছে।
তিনি বলেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার তদন্ত কমিটি তদন্ত কাজ শুরু করেছে। এ তদন্ত কাজ যেন কোনভাবেই প্রভাবিত না হয়, সেজন্য আমি কোন রকম মন্তব্য করা থেকে বিরত আছি।
তদন্তে নিশ্চয়ই প্রকৃত সত্য বেরিয়ে আসবে উল্লেখ করে মন্ত্রী বলেন, নিহতদের পরিবারের মতো আমিও প্রকৃত অপরাধীদের আইনানুগ শাস্তি প্রত্যাশা করছি।
হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনাও জানান সরকারের এই প্রভাবশালী মন্ত্রী।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ।
[b]ঢাকা, ৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]