ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ। তার ভাই যুবি মুসা এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে তার প্রার্থিতা প্রত্যাহারের আবেদনটি রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছে দেন ববি হাজ্জাজের ছোট ভাই যুবি মুসা। এসময় ববির আইনজীবী নুরুল ইসলাম জাহিদ তার সঙ্গে ছিলেন।

অন্যদিকে ঢাকা উত্তর থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন সারাহ বেগম কবরীও। এ নিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তিন জন। 'প্রধানমন্ত্রীর ইচ্ছের প্রতি সম্মান জানিয়ে' এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

এদিকে, দক্ষিণের মেয়রপ্রার্থী বিএনপি নেতা আবদুস সালাম মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। সালামের পক্ষে তার আইনজীবী মো. সেলিম বৃহস্পতিবার বিকেলে এ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং মিহির সরওয়ার  বিষয়টি নিশ্চিত করেছেন।

সিটি করপোরেশন নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ বৃহস্পতিবার। বেলা দুটা পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন মেয়র প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

যুবি হাজ্জাজ জানান, ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তার ভাই ববি হাজ্জাজ। এবিষয়ে বনানীতে স্থাপিত তাদের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন তারা। সংবাদ সম্মেলনটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে।

ঢাকা উত্তরের রির্টানিং অফিসার শাহ আলম জানান, তারা ববি হাজ্জাজ ও কবরীর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন পেয়েছেন এবং তা গ্রহণ করেছেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদের বিশেষ দূত ববি হাজ্জাজ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন পত্র তুললে ক্ষুব্ধ এরশাদ তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। এতেও না থেমে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেছিলেন ববি হাজ্জাজ। তবে আজ নির্বাচনী রাস্তা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

জেআই