নির্বাচনী বছরে আগের বছরের তুলনায় বিএনপির কিছুটা আয় বাড়লেও ব্যয় কমেছে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দলের আয়-ব্যয়ের হিসাব তুলে দেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। ইসি সচিব মো. আলমগীর বিএনপির আয়-ব্যয়ের হিসাব গ্রহণ করেন।

হিসাব জমা দেওয়ার পর বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সাংবাদিকদের বলেন, এবার দলের আয় হয়েছে নয় কোটি ৮৬ লাখ ৫৬ হাজার ৩৮০ টাকা। আর ব্যয় হয়েছে তিন কোটি ৭৩ লাখ ২৯ হাজার ১৪৩ টাকা। বর্তমানে দলীয় তহবিলে জমা আছে ছয় কোটি ১৩ লাখ ২৭ হাজার ২৩৭ টাকা।

আলাল বলেন, এ বছর দলের মূল আয় হয়েছে নমিনেশন ফরম বিক্রি, দলীয় সদস্যদের মাসিক চাঁদা, এককালীন অনুদান থেকে। আর অফিসের বিভিন্ন খরচ, ইফতার পার্টি, পোস্টার ছাপানো, নির্বাচনী ব্যয় বাবদ এবং নির্যাতিত নেতাদের সহায়তা করা এবং বন্যায় ত্রাণ কাজে ব্যয় হয়েছে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, আমরা রংপুরে শূন্য আসনের নির্বাচনে দলীয় প্রতীকে জোটগতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা নির্বাচন কমিশনকে বলেছি, এই উপনির্বাচনে যেন ইভিএম পদ্ধতিটি স্থগিত রাখা হয়।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নির্বাচনে দলীয় মনোনয়নপত্র বিক্রি থেকে আমাদের সবচেয়ে বেশি আয় হয়েছে। এ ছাড়া ব্যক্তিগত অনুদান আছে, সদস্য এবং পদবিধারী অন্যদের চাঁদা আছে। সবমিলিয়ে গত বছরের চেয়ে এবার আয় একটু বেশি হয়েছে।

২০১৭ সালে নির্বাচন কমিশনে বিএনপি তাদের আয় দেখিয়েছে নয় কোটি ৪৬ লাখ ২৪ হাজার ৯০২ টাকা, ব্যয় চার কোটি ১৯ লাখ ৪১ হাজার ৯৫৪ টাকা। আর দলের তহবিলে জমা ছিল পাঁচ কোটি ২৬ লাখ ৫২ হাজার ৯৪৮ টাকা।

২০১৬ সালে বিএনপির আয় হয়েছিল চার কোটি ১৩ লাখ ৬৮ হাজার ৭৩০ টাকা। আর ব্যয় হয়েছে তিন কোটি ৯৯ লাখ ৬৩ হাজার ৭৫২ টাকা। আয় বেশি হয়েছে ১৪ লাখ চার হাজার ৭৭৮ টাকা।

এমআর