পুরান ঢাকার চকবাজার থেকে কেমিক্যাল কারখানা সরানোর কাজ চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সেখানে যাতে আর কোনো কারখানা না থাকে তার জন্য ঢাকার দক্ষিণের মেয়রকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে।
আজ (২১ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার চকবাজারে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “নিমতলীর ঘটনার পরে আমরা বলেছিলাম, ‘কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলো সরিয়ে নেন’। তখন তো আমরা দেখেছি এগুলো সরিয়ে নিয়েছে। এখন আবার এগুলো আসছে। আমাদের মেয়র মহোদয় এটার জন্য কাজ করছেন।
তিনি এখানে কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রির পারমিশন দিচ্ছেন না। মেয়র মহোদয় যদি আমাদের কাছে সহযোগিতা চান, আমরা এর সব ব্যবস্থা করতে পারব, যাতে এই কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলো এখান থেকে সরিয়ে নেয়া হয়।”
পুরান ঢাকার চকবাজারের পাঁচটি ভবনে গতকাল (২০ ফেব্রুয়ারি) বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে আগুন ভয়াবহ আকারে আশপাশের ৫টি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের পর এ পর্যন্ত ৮১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে দগ্ধ ও আহত হয়েছেন পথচারীসহ অর্ধ-শতাধিক।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুড়ে যাওয়া লাশগুলো শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভিড় করেছেন স্বজনরা।
এমবি





