চাল, ডাল পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং সিটি করপোরেশন ও পৌরসভাগুলোতে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

তবে রংপুর সিটি করপোরেশন এর আওতামুক্ত থাকবে। জানালেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ (সোমবার) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, নিত্যপণ্যসহ সব জিনিসের দাম বাড়ানো হয়েছে। গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে সরকার। সবই জনগণের নাগালের বাইরে চলে গেছে। এমন কি পেঁয়াজ ১২০ টাকা করেছে সরকার ।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপি নেতা বলেন, আপনি এতো বিদ্যুৎ উৎপাদন করেছেন, তাহলে সারাদেশে লোডশেডিং হচ্ছে কেন?
এসময় দলের পক্ষ থেকে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেন রিজভী।

বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুকে আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয়।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়া পরিবারের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার করে বিনিয়োগের যে অভিযোগ এনেছেন, তা মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। প্রধানমন্ত্রীর এ বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।