ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে নারীদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয়ে ঘেরাও করতে গেলে তাদের ওপর পুলিশের লাঠিচার্জ এবং আটক করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান এ প্রতিবাদ জানান।

তিনি বলেন, 'গত পহেলা বৈশাখ প্রকাশ্য দিবালোকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে পুলিশের উপস্থিতিতে নারীদের ওপর সন্ত্রাসী চক্র হামলা চালায়। এ হামলার পর বিভিন্ন সামাজি প্রতিষ্ঠান, সংস্থা ও রাজনৈতিক সংগঠন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের জন্য আহবান জানিয়েছিল।

এর পর প্রায় একমাস অতিবাহিত হয়েছে। অথচ দুর্বৃত্তদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কোন আইনী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এটা সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম ব্যর্থতা। এ ঘটনার মাধ্যমে তাদের উদাসীনতা, অবজ্ঞা এবং দায়িত্ব পালনে অবহেলাই প্রমাণিত হয়েছে।'

তিনি বলেন, 'পহেলা বৈশাখে নারীদের ওপর হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ডিএমপি কার্যালয় ঘেরাও করতে গেলে পুলিশ তাদের ওপর লাঠি চার্জ করেছে। এতে ৩০ জন ছাত্র-ছাত্রী আহত হয়েছে। পুলিশ বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে।

নারীদের লাঞ্ছনাকারীদের গ্রেফতারের দাবি জানাতে গিয়ে পুলিশ কর্তৃক ছাত্রদের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'

তিনি আরও বলেন, "গত পহেলা বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে নারীদের ওপর দুর্বৃত্তদের হমলার ঘটনার অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে হামলাকারীদের চি‎হ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং আজকে আটককৃত ছাত্রদের মুক্তি প্রদান করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।"

এমকে