বৃক্ষরোপন অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে বলে জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাত। তিনি বলেছেন, দেশকে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষায় বৃক্ষরোপন অভিযান সফল করতে হবে। এজন্য এতে সবার অংশ গ্রহণ জরুরি।

ঢাকা মহানগরী উত্তর ছাত্রশিবির আয়োজিত কেন্দ্র ঘোষিত ‘বৃক্ষরোপণ অভিযান-২০১৫’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী পরবর্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। শাখা সভাপতি তারিক হাসানের পরিচালনায় এসময় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইয়াছিন আরাফাত বলেন, দেশে যখন প্রাকৃতিক বিপর্যয় হয় তখন তার কুফল সকল শ্রেণী পেশার মানুষকে ভোগ করতে হয়। সুতরাং বৃক্ষরোপন করা সবারই দায়িত্ব। যদিও রাষ্ট্রীয় উদ্যোগ এক্ষেত্রে সব চেয়ে বেশি ভূমিকা পালন করতে পারত। কিন্তু সরকারের পক্ষ থেকে বৃক্ষরোপনের জন্য তেমন কোন উল্লেখযোগ্য উদ্যোগ জাতি দেখেনি। তাই বলে আমরা আমাদের দায়িত্ব অবহেলা করতে পারি না।

তিনি বলেন, দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই আমাদের বৃক্ষরোপন অভিযান সফল করতে হবে। শুধু নিজেরা নয় সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এ কাজে উৎসাহ ও অংশ গ্রহণ করাতে হবে। বৃক্ষরোপনকে সামাজিক আন্দোলনে পরিণত করতে পারলে অল্প সময়ের ব্যবধানেই গাছে গাছে সবুজ দেশ গড়া সম্ভব।

তিনি আরও বলেন, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা ও অর্থনৈতিক উন্নয়নে গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বুঝতে পেরেও সরকার এ বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেনা। বরং সরকারী কর্মকর্তা ও দলীয় লোকদের দ্বারা অবৈধ বন এবং রাস্তার পাশের গাছ উজার হচ্ছে। কিন্তু সরকার তা বন্ধে তেমন কোন কার্যকর উদ্যোগ গ্রহণ করছে না।

ইয়াছিন আরাফাত জানান, ছাত্রশিবির দেশ ও জাতির প্রতি দায়িত্ববোধ থেকে প্রতিবছরই বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করে আসছে। এ বছরও নেতাকর্মীরা সারাদেশে ১০ লক্ষের বেশি গাছের চারা রোপন ও বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। ছাত্রশিবিরের এই উদ্যোগে অংশ গ্রহণ করার জন্য আমি সর্ব স্তরের ছাত্রদেরকে আহবান জানাচ্ছি।

উল্লেখ্য, এ বছর ১ই আগষ্ট থেকে ৭ আগষ্ট পর্যন্ত বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি ঘোষনা করেছে ছাত্রশিবির। কর্মসূচি সফল করতে সারাদেশে সকল জনশক্তি একটি করে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ ও দুটি করে গাছের চারা বিতরণ করবে। এছাড়া বৃক্ষ নিধন রোধে জনসচেতনা তৈরী, স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন, বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করণের জন্য বর্ণাঢ্য র‌্যালি, ব্যানার, ফেষ্টুন ও ষ্টিকার লাগানোর মাধ্যমে কর্মসূচি পালন করবে ছাত্রশিবির।

এদিকে ঢাকা মহানগরী পূর্ব, ঢাকা মহানগরী পশ্চিম, সিলেট মহানগরী, গাজিপুর মহানগরী, রাজশাহী মহানগরী, রংপুর মহানগরী, চাঁপাইনবাবগঞ্জ শহর, টাংগাইল শহর, বগুড়া শহর, ময়মনসিংহ শহর, ভোলা শহর, কক্সবাজার শহর, দিনাজপুর শহর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ জেলা, নরসিংদী জেলা, কক্সবাজার জেলা, নওগা জেলা, চট্টগ্রাম জেলা দক্ষিণ, দিনাজপুর জেলা উত্তর, বিয়ানীবাজার উপজেলা শাখা ছাত্রশিবির এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

এআর