জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, ‘জাতীয় নির্বাচন ২০১৯ সালেও হতে পারে, আবার এর আগেও হতে পারে। এখন থেকেই আমাদের প্রস্তুতি শুরু করতে হবে।’

রবিবার দুপুরে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘দেশে কোনো রাজনীতি নেই’ উল্লেখ করে জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘দেশে অরাজনৈতিক পরিবেশ বিরাজ করছে। দেশে কোনো রাজনীতি নেই। সব জায়গায় লুটপাটতন্ত্র চলছে। আওয়ামী লীগ করছে লুটপাট আর বিএনপি করছে ব্রিফিং রাজনীতি। রাজপথে একমাত্র আমরাই আছি।’

তিনি বলেন, ‘সামনের স্থানীয় সরকার নির্বাচন সরকারের জন্য অগ্নিপরীক্ষা। এই নির্বাচনে সরকার কারচুপি করলে তারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। তাই আমাদের এখন থেকেই সংগঠন গোছাতে হবে। বিএনপি সংগঠন গোছাতে পারছে না। আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে।’

জাপা মহাসচিব বাবলু আগামী নির্বাচনের জন্য ঢাকা মহানগরের ১৫টি আসনেই একাধিক প্রার্থী তৈরিরও নির্দেশ দেন মহানগর নেতাদের।

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, মহানগর দক্ষিণের সদস্য সচিব জহিরুল ইসলাম রুবেল, মহানগর নেতা সুজন দে প্রমুখ।

এমকে