দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রথম পৃষ্ঠায় “অগত্যা জামায়াতের একলা চলো নীতি” শিরোনামে রোববার (১৪ জুন) প্রকাশিত রিপোর্টের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ এ প্রতিবাদ জানান।
হামিদুর রহমান বলেন, 'উল্লেখিত পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি বিভ্রান্তিকর আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ রিপোর্টটি সম্পর্কে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, গোটা রিপোর্টটিই বিভ্রান্তিকর ও কাল্পনিক।'
তিনি বলেন, এ রিপোর্টে জনৈক মাজেদুর রহমান জুয়েলকে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হিসেবে উল্লেখ করে তার বরাত দিয়ে দৈনিক কালের কণ্ঠের সংশ্লিষ্ট রিপোর্টার কিছু বিভ্রান্তিকর আজগুবি মিথ্যা বক্তব্য প্রচার করেছেন।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট রিপোর্টারসহ সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, মাজেদুর রহমান জুয়েল নামে জামায়াতের কোন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অতীতে কখনো ছিল না, এখনো নেই। এটা কালের কণ্ঠের সংশ্লিষ্ট রিপোর্টারের নিজস্ব উর্বর মস্তিষ্কের উদ্ভট আবিষ্কার ছাড়া আর কিছুই নয়।
জামায়াতকে নিয়ে এ ধরনের ভিত্তিহীন মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য দৈনিক কালের কণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
এমকে





