ঢাকা: রাজধানীর গোপীবাগে জামায়াত-শিবিরের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় অনেকগুলো গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও ফাঁকা গুলি বর্ষণ করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেলা সোয়া ১২ টার দিকে গোপীবাগ এলাকায় জামায়াত শিবিরের বিপুল সংখ্যক নেতা-কর্মী জড়ো হয়ে হঠাৎ বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি কিছু দূর অগ্রসর হলেই পুলিশ ধাওয়া দেয়। এ সময় পুলিশের সাথে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরাও যোগ দেয় বলে সূত্র জানায়।

কিছু সময় পুলিশ এবং ছাত্রলীগ-যুবলীগের কর্মীদের সাথে জামায়াত শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ সময় সেখানে বেশ কয়েকটি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল  এবং ফাঁকা গুলি বর্ষন করে। সব শেষ প্রাপ্ত খবর অনুযায়ী সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ ঘটনার পর থেকেই গোপীবাগ ও আশ পাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় কিছু কিছু দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সকাল থেকে খোলা থাকলেও ঘটনার পর পরই তা বন্ধ হয়ে যায়।

বেলা ১টার দিকে এই প্রতিবেদন লেখার সময় ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব ও ডিবির সদস্যরা অবস্থান করছিলেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানায়।

কেবি