আগামী কয়েকদিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি পেতে যাচ্ছে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ।

আজ গণভবনে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্ব আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনার জন্য আয়োজিত কার‌্যনির্বাহি সংসদের বৈঠকে মহানগর কমিটি পাস হতে পারে বলে জানা গেছে।

এরপর ঢাকা মহানগরের দুটি কমিটির সমন্বয়কের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কর্ণেল (অব:) ফারুক খান এবং ড. আব্দুর রাজ্জাক পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করবেন বলে জানিয়েছে দলীয় সূত্র। ঈদুল আজহার উপহার হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পূর্ণাঙ্গ কমিটি পাচ্ছে মহানগর আওয়ামী লীগ এমনটাই ধারণা করছেন অনেকে।

সূত্র জানান, ইতোমধ্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মহানগর আওয়ামী লীগের উভয় অংশের খসড়া কমিটি জমা দেওয়া হয়েছে। শেখ হাসিনা ইতোমধ্যে উভয় কমিটিতে অন্তর্ভুক্ত নেতাদের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

রোববার ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গঠনতন্ত্র উপ-কমিটির বৈঠকে শুধু এই কারণে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান। সেখানে তিনি এ কমিটির সমন্বয়কের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সিনিয়র নেতা কর্নেল (অব.) ফারুক খানের সঙ্গে পূর্ণাঙ্গ কমিটির ব্যাপারে প্রয়োজনীয় কথা বলেন। এছাড়া অনেক পদ প্রত্যাশীদের সাথেও তিনি বৈঠক করেছেন বলে সূত্র জানায়।

অন্য একটি বিশ্বস্ত সূত্রে আরো জানা যায়, রোববার রাতে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের কমিটিতে পদপ্রত্যাশী এক নেতা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাকের বাসায় সাক্ষাৎ করতে যান। এবং সূত্র নিশ্চিত করে বলেছেন, আমার নেতা কালকে রাজ্জাক ভাইয়ের সঙ্গে দেখা করেন এবং তিনি যে দক্ষিণের সাংগঠনিক সম্পাদক হচ্ছেন, সেই বিষয়টি নিশ্চিত হয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক রাজ্জাক ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সমন্বয়ক।

এ বিষয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাত নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, ঈদের আগে কমিটি দেওয়ার সম্ভাবনা আছে। আমি অসুস্থ। তাই আপনার সাথে বেশি কথা বলতে পারছি না।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, মহানগর আওয়ামী লীগের উভয় কমিটির সমন্বয়করা আওয়ামী লীগ সভাপতির কাছে কয়েকদিন আগে পূর্ণাঙ্গ কমিটি জমা দিয়েছেন। আজ প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা সভা শেষে দুই সমন্বয়কের সঙ্গে কথা বলে পূর্ণাঙ্গ কমিটির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

তিনি জানান, উভয় কমিটিতে মহানগর আওয়ামী লীগের প্রাক্তন নেতা, প্রাক্তন ছাত্রনেতা, সহযোগী সংগঠনের নেতারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন। প্রবীণ ও নবীনের সমন্বয়ে কমিটি ঘোষণা করা হবে।

গত ১০ এপ্রিল ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের নতুন কমিটি ঘোষণা করা হয়।

এ বছরের ১০ এপ্রিল ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর কমিটিতে এ কে এম রহমত উল্লাহকে সভাপতি ও সাদেক খানকে সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ কমিটিতে আবুল হাসনাতকে সভাপতি এবং শাহে আলম মুরাদকে সাধারণ সম্পাদক করা হয়।

ইআর/এমবি