স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, 'আপনি কেন গতকাল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যাননি? শহীদ মিনারে না যাওয়ায় প্রমাণিত হয়েছে, আপনি সত্যিকার অর্থে রাজাকারের বন্ধু।'
জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে রোববার 'মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে জাতীয় পার্টি (জেপি)।
নাসিম বলেন, 'গণতন্ত্রের মূল উপাদান নির্বাচন। কোনো দলই নির্বাচন ছাড়া টিকতে পারে না। খালেদা নির্বাচনে না গিয়ে ভুল করেছেন। আর এখন আন্দোলনের নামে তামাশার হরতাল-অবরোধ শুরু করেছেন।'
তিনি বলেন, 'আমরাও অনেকদিন ক্ষমতার বাইরে ছিলাম। অনেক আন্দোলন-সংগ্রাম করেছি। কিন্তু আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করিনি। আমাদের আন্দোলনে জনসম্পৃক্ততা ছিল আর এখন খালেদার আন্দোলনে মানুষ ভয় পায়। আন্দোলন করেন খালেদা আর জনগণকে সাথে নিয়ে শিথিল করি আমরা। এই সহিংসতার রাস্তা থেকে ফিরে না এলে খালেদার পরিণাম ভালো হবে না।'
সংবিধান অনুযায়ী ২০১৯ সালেই নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, 'ঐ নির্বাচনের জন্য সংবিধান অনুযায়ী কোনো কিছু পরিবর্তন-পরিমার্জন করা লাগলে যে কেউ মতামত দিতে পারেন।'
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম, একুশে পদকপ্রাপ্ত এটিএম শামসুজ্জামান, ডা. অরূপ রতন চৌধুরী, কবি মুহাম্মদ নুরুল হুদা প্রমুখ।
কেএইচ





