প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় রংপুরের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন।রোববার তিনি এই প্রথম রংপুর জিলা স্কুল মাঠে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।
সজীব ওয়াজেদ জয় রোববার ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর হয়ে রংপুর আসবেন। সার্কিট হাউজে অবস্থানের পর রংপুর জেলা ও মহানগর আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বলে জানান রংপুর ডিসি ফরীদ আহম্মদ।
তিনি আরো জানান, জনসভা শেষে সড়ক পথে সরাসরি গ্রামের বাড়ি লালদিঘীর ফতেহপুরের জয়সদনে কাছে আত্বীয়দের সঙ্গে মিলিত হবেন। এরপর সোমবার সকালে জয়সদনের সামনে কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এরপর দাদা-দাদী ও বাবার কবর জিয়ারত শেষে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন তিনি।
এদিকে কর্মিসভা সফল করতে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু ও সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম জানান, আমরা চাই জয় রংপুরের রাজনীতিতে সক্রিয় হোন। এখান থেকেই জয়ের নেতৃত্বে আমরা উত্তরাঞ্চলকে আওয়ামী লীগের দুর্জয় ঘাঁটিতে পরিণত করবো।
রংপুর,১৬মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ