বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আপনারা আওয়ামী লীগ তো আন্দোলন করতে জানেন তাহলে পুলিশ-র‌্যাবকে ব্যারাকে রেখে রাজপথে আসেন। আওয়ামী লীগ আন্দোলন করতে জানে নাকি বিএনপি আন্দোলন করতে জানে- সেটা আমরা তখন রাস্তায় দেখিয়ে দিবো।

তিনি বলেন, বিগত ১২ বছরে ৩৫ লাখ বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখ এক হাজার মামলা দেয়া হয়েছে অথচ সরকার মশকরা করে বলে বিএনপির আন্দোলন করতে জানে না।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন মঈন খান। ‘অন্তরে মম শহীদ জিয়া’ নামে সংগঠন ওই সভার আয়োজন করে।

ড. মঈন খান বলেন, ‘জন্মলগ্ন থেকে আওয়ামী লীগের ইতিহাস দেখুন। তারা চিরদিন একই নীতিতে চলছে। তারা মানুষকে ভয় দেখিয়ে, মানুষের ওপর নির্যাতন চালিয়ে, মানুষের ওপর অত্যাচার করেছে। আমি সেই ইতিহাস পুনর্ব্যক্ত করতে চাই না। আপনারা নিজেরাই দেখেছেন ২০০৬ সালে কীভাবে লগি-বৈঠা দিয়ে রাস্তায় মানুষকে হত্যা করা হয়েছিল। বিএনপি সেই নির্যাতন-অত্যাচার বিশ্বাস করে না। আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক ও উদারনৈতিক একটি রাজনৈতিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা ভোটের অধিকার বিশ্বাস করি।’

বিএনপির এ নেতা বলেন, ‘ভোটের মাধ্যমে এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, ভোটের মাধ্যমে এ দেশের ক্ষমতার পদ পরিবর্তন করতে হবে এটা আমরা বলি এবং করি।’

সাবেক এ মন্ত্রী বলেন, ‘গায়ের জোরে ক্ষমতায় থাকা যায় সেটা আমরা স্বীকার করছি। পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন দেশে অত্যাচার-নির্যাতন চালিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্টরা ক্ষমতা দখল করেছিল কিন্তু তারা কোনো সময় চিরদিন টিকে থাকতে পারেনি। এটাই হচ্ছে প্রাকৃতিক সত্য এবং প্রকৃত ইতিহাস।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আজকে আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের গণতন্ত্রের পূজারী আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে কারারুদ্ধ করে রাখা হয়েছে— তাঁকে আমরা মুক্ত করব। তাঁকে মুক্ত করে এনে তাঁর নেতৃত্বে পুনরায় এ দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনবই ইনশা আল্লাহ।

‘অন্তরে মম শহীদ জিয়া’-এর উপদেষ্টা ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির নির্বাহী কমিটির সাদস্য আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ, কৃষকদলের সদস্য লায়ন মো. আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

এএস