“রাজাকারের তালিকা কেন- এ প্রশ্ন করে বিএনপি রাজাকারদের পক্ষে নিজেদের মুখোশ নিজেরাই উন্মোচন করেছে।” বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার সদর দপ্তরে বেতারের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শোভাযাত্রা উদ্বোধনকালে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এই কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “মীর্জা ফখরুল সাহেব রাজাকারের তালিকা নিয়ে প্রশ্ন করে রাজাকারদেরই পক্ষ নিয়েছেন। বিএনপি স্বাধীনতাবিরোধী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক এবং তাদের দলের চেয়ারপারসন পাকিস্তানিদের দোসর ছিলেন। তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানও মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানের গুপ্তচর হিসেবে কাজ করেছেন।”

তিনি বলেন, “আজ রাজাকারের তালিকা প্রকাশের পর মীর্জা ফখরুল সাহেব কেন তালিকা প্রকাশ হলো- এ প্রশ্ন রেখে রাজাকারদের পক্ষ অবলম্বন করে নিজেদের মুখোশই উন্মোচন করেছেন।”

তথ্যমন্ত্রী বলেন, রাজাকারের তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে, রাজাকারদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, তারা বিএনপি ও তাদের সহযোগী। সেজন্যই এ তালিকা প্রকাশের পর বিএনপি নেতাদের এত গাত্রদাহ দেখা দিয়েছে।

তালিকার ভুল নিয়ে তথ্যমন্ত্রী বলেন, “কিছু ভুল রয়েছে, যা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী নিজেও স্বীকার করেছেন এবং ভুলগুলো অবশ্যই শুধরে নেওয়ার সুযোগ আছে। তবে এ ভুলগুলো কেন হলো, কীভাবে হলো, ইচ্ছেকৃতভাবে কেউ করেছে কি না, তা অনুসন্ধান করে বের করা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।”

অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, তথ্য সচিব আবদুল মালেক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার, অতিরিক্ত সচিব নূরুল করিম, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার প্রমুখ।

এমবি