সদ্য বাংলাদেশ সফর করে যাওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে গতানুগতিক সফর বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় পার্টির (কাজী জাফর) গুলশানে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির জাতীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা তিনি সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন।

কাজী জাফর আহমদ বলেন, ‘নরেন্দ্র মোদির সফরে বাংলাদেশের জনগণ আশা করেছিল যে, তিস্তা চুক্তিসহ ভারতের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত বিষয়সমূহের সমাধান হবে। কিন্তু মোদির সফর শেষে জনগণ হতাশ হল। বাংলাদেশের জনগণের স্বার্থসংশ্লিষ্ট তিস্তা ইস্যুটি সম্পূর্ণরূপে পাশ কাটিয়ে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের অনির্বাচিত সরকারের মধ্যে যে ২২টি চুক্তি হয়েছে তাতে বাংলাদেশের স্বার্থসংরক্ষণ হয়নি বলে জনগণ মনে করে।’

তিনি বলেন, ‘নরেন্দ্র মোদির এ সফর জনগণ গতানুগতিক একটি সফর বলে মনে করছে। তাই ভারতের উদ্দেশে বলতে চাই, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক গড়তে হলে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের ব্যাপারে সচেষ্ট ও আন্তরিক হতে হবে।’

সভা থেকে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে রমজানের পর সারাদেশে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্যে তিনটি সাংগঠনিক টিম গঠনের সিদ্ধান্ত হয়।

সভায় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য এস এম এম আলম, আহসান হাবীব লিংকন, লুৎফর রহমান চৌধুরী হেলাল, নওয়াব আলী আব্বাস খান, এ্যাডভোকেট মাওলানা রুহুল আমীন, রফিকুল হক হাফিজ, জাফরুল্লাহ খান চৌধুরী (লাহরী), মো. সেলিম মাস্টার, ভাইস চেয়ারম্যান রমিজ উদ্দিন, মো. শরিফ মিয়া, যুগ্ম-মহাসচিব এ এস এম শামীম, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন মিয়া, মহসীন সরকার, আবু তালেব দেওয়ান প্রমুখ।

এএইচ