বুধবার (৫জুলাই) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটের গণরায় ও জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

মাওলানা মামুনুল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আগে দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা দেশের মানুষের ওপর গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল। ফলে সেটি উৎখাত করতে বহু মানুষের আত্মত্যাগ করতে হয়েছে।

তিনি দাবি করেন, নতুন করে কেউ যদি একই ধরনের ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করে এবং শুরুতেই তা প্রতিরোধ করা না যায়, তাহলে ভবিষ্যতে আরো বড় ধরনের আত্মত্যাগের প্রয়োজন হতে পারে।

তিনি বলেন, আমরা আমাদের দীর্ঘদিনের রাজপথের সঙ্গী বিএনপিকে বলতে চাই, যদি বিএনপি জুলুমের রাজনীতি থেকে ফিরে না আসে, তাহলে সেই জুলুমের হাত ভেঙে গুঁড়িয়ে দেয়া হবে।

মামুনুল হক আরো বলেন, ‘চব্বিশের বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশে ছাত্রদলের সন্ত্রাসনির্ভর রাজনীতি চলতে পারে না।’

জুলাই গণঅভ্যুত্থানে কওমি মাদরাসার শিক্ষার্থীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের কোথাও জুলুম হলে মাদরাসার শিক্ষার্থীরা তা প্রতিরোধে রাজপথে নামবে।

তিনি আরো বলেন, গণভোটের রায় বিভিন্ন আন্দোলন ও শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে। এ রায়ের সাথে বিশ্বাসঘাতকতা করা হলে সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষায় আমরা আন্দোলন চালিয়ে যাব।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এস