বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বক্তব্য টাইমনিউজবিডি.কমের পাঠকের জন্য তুলে ধরা হলো।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র উপেক্ষা করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।
সোমবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাজেদা চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশে স্বাধীন হতো না। বাঙ্গালীর কোন সংবিধান ছিল না। শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতিকে প্রথম সংবিধান দিয়েছিল। এই বাংলাদেশ বঙ্গবন্ধুর। আমরা যা পেয়েছি এবং আগামীতে যা পাব তা শেখ হাসিনার নেতৃত্বেই পাবো।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, খালেদা জিয়া অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশকে পাকিস্তানের মতো অকার্যকর রাষ্ট্র তৈরি করতে চায়। তবে তার কোন ষড়যন্ত্র সফল হবে না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপি মনে করেছিল ফুঁ দিলে আওয়ামী লীগ উড়ে যাবে। তাদের মনে রাখা উচিত আওয়ামী লীগ উড়ে যাওয়ার দল নয়। আওয়ামী লীগ তৃণমূল থেকে সংগ্রাম করে উঠে আসা দল।
তিনি আরও বলেন, বিএনপির বুদ্ধিজীবীরা এখন খালেদা জিয়াকে বলছেন শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নেয়ার জন্য। এই বুদ্ধিজীবীদের বুদ্ধি আগে কোথায় ছিল। তারা আগে কেন খালেদা জিয়াকে এই কথা বলেননি। তাই আমি আশা করবো বিএনপির বুদ্ধিজীবীদের মতো খালেদা জিয়ারও শুভ বুদ্ধির উদয় হবে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ইতিহাস বিকৃতিকারী বেয়াদব তারেক রহমানের স্থান আর বাংলার মাটিতে হবে না। এই বেয়াদবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দ সাজেদা চৌধুরী। সভা পরিচালনা করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
এমআর/এসএইচ





