বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারি সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দীন বলেছেন, ‘সরকার জিঘাংসা চরিতার্থ করতেই রক্তপিপাসু হয়ে উঠেছে। তারা একের পর এক জাতীয় নেতাদের হত্যা করে দেশকে বধ্যভূমিতে পরিণত করেছে।’

তিনি বলেন, ‘সরকার বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীকে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করতে করতে চায়। কিন্তু ইসলামপ্রিয় দেশপ্রেমী জনতা সরকারের সে ষড়যন্ত্র কখনোই মেনে নেবে না।

তিনি রক্তপিপাশার রাজনীতি পরিহার করে অবিলম্বে আমীরে জামায়াত মতিউর রহমান নিজামীর নিঃশর্ত মুক্তি সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় আওয়ামী লীগকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে হবে।’

আজ বুধবার রাজধানীতে জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামীর প্রাণদন্ডের দন্ডাদেশের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন।

বিক্ষোভ মিছিলটি যমুনা ফিউচার পার্ক থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ড. মুহা. রেজাউল করিম, ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য মনির আহমদ, সালাহউদ্দীন, হোসাইন আহমদ, মাওলানা মুহিব্বুল্লাহ, সাইফুল ইসলাম ও মিজানুর রহমান এবং শিবিরের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি হাসান জারিফ প্রমূখ।

সেলিম উদ্দীন বলেন, ‘সরকার দেশকে নেতৃত্বহীন ও করদরাজ্য বানানোর ষড়যন্ত্রের অংশ হিসাবেই মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে জামায়াতের শীর্ষ নতৃবৃন্দকে হত্যা প্রকল্প গ্রহণ করেছে।’

তিনি বলেন, ‘বিভিন্ন সময়ে সরকারের মন্ত্রী-এমপিরা নিজামী, মুজাহিদ ও সাঈদীকে ফাঁসিতে ঝুলানো হবে বলে ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী গণজাগরণ মঞ্চের দাবি বিবেচনায় নিয়ে রায় দেয়ার জন্য বিচারপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের এ ধরনের বক্তব্যে বিচার কার্যক্রমের উপর সরকারের হস্তক্ষেপ স্পষ্টভাবে দৃশ্যমান হয়।’

তিনি আরো বলেন, ‘ঘটনার ধারাবাহিকতায় প্রমাণ হয় যে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই সরকার দেশী-বিদেশী সকল মহল ও জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আহ্বান উপেক্ষা করে পরিকল্পিতভাবে আবদুল কাদের মোল্লা, মুহাম্মাদ কামারুজ্জামান ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে হত্যা করেছে। কিন্তু জুলুম-নির্যাতন, হত্যা-সন্ত্রাস চালিয়ে অতীতে কোন ফ্যাসীশক্তির শেষ রক্ষা হয়নি, আর এ সরকারেরও হবে না।’

এছাড়াও মাওলানা মতিউর রহমান নিজামীর প্রাণদন্ডের রায়ের প্রতিবাদে রাজধানীর পল্টন, মতিঝিল, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, ধানমন্ডিসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামি।

এমকে