নির্বাচনে অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডে বাধা দিচ্ছে না প্রশাসন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেন, নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক চর্চার প্রবেশদ্বার। সঠিক নির্বাচন ছাড়া গণতান্ত্রিক চর্চা অসম্ভব। বর্তমান সময়ে সরকারদলীয় প্রার্থীরা নির্বাচনে অর্থ ও পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। এমন বাস্তবতায় প্রশাসন সহায়তা করছে সরকারি দলের প্রার্থীদের। নির্বাচনে অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডে বাধা দিচ্ছে না প্রশাসন। ফলে নির্বাচনের ফলাফল একতরফা হয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে পল্লীবন্ধু পদক-২০২১ বাস্তবায়ন পরিষদের এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এইসব কথা বলেন।

জি এম কাদের বলেন, দেশে বর্তমান অবস্থায় রাজনৈতিক দল ও সংগঠনগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। এভাবে চলতে থাকলে দেশের রাজনীতিতে শূন্যতা সৃষ্টি হয়ে অপশক্তির উত্থান হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে সংশ্লিষ্টদের আরো কার্যকর উদ্যোগ নিতে হবে।

এ সময় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দুর্নীতি ও দুঃশাসন থেকে দেশের মানুষকে মুক্তি দিতে জাতীয় পার্টির কাজ চলছে। গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে দেশের মানুষকে মুক্তি দেবে জাতীয় পার্টি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এটিইউ তাজ রহমান, হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন, শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা এম এম নিয়াজ উদ্দিন, হেনা খান পন্নি, আমানত হোসেন আমানত, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, তারেক এ আদেল, যুগ্ম মহাসচিব মো: বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাখন সরকার, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য নাজমুল খান।

এমবি