আগামী ২৩ জুন ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করতে যাচ্ছে আওয়ামী লীগ। দলীয় নেতৃবৃন্দসহ দেশবরেণ্য খ্যাতিমান লেখকদের কাছে এ উপলক্ষে লেখা আহবান করছে স্মরণিকা প্রকাশনা উপ-কমিটি।
মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে স্মরণিকা প্রকাশনা উপ-কমিটির এক প্রস্তুতি সভায় এ আহবান জানানো হয়।
আগামী ১০ জুনের মধ্যে দলের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে লেখা পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
স্মরণিকার মাধ্যমে ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামসহ সকল আন্দোলন-সংগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের বিরোচিত ভূমিকা ও গৌরবোজ্জল অতীতের চিত্র জনগণের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
স্মরণিকা প্রকাশনা উপ-কমিটির আহবায়ক আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন স্মরণিকা প্রকাশনা উপ-কমিটির যুগ্ম-আহ্বায়ক,
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক  ড. হাসান মাহমুদ এমপি,তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন,উপ-কমিটির সদস্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এমপি,দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।
ঢাকা, এমআর, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // এআর