রবিবার অনুষ্ঠিত ১০টি পৌরসভার মধ্যে তিনটিতে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির প্রার্থীরা। নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে তারা এই ঘোষণা দেন।

নির্বাচন বর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচি ।

আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় শহরের দক্ষিণ মৌড়াইল এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সমর্থকদের নিয়ে ৪৮ কেন্দ্রের মধ্যে ৪৩টি দখল করে ব্যালট পেপারে সিল মেরেছেন। প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসাররাও তাদের সঙ্গে দলবদ্ধ হয়ে সিল মেরেছেন। তাছাড়া বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে। এ অবস্থায় বাধ্য হয়েই নির্বাচন বর্জন করেছি।

অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম মজুমদার। এ সময় আটজন কাউন্সিলর প্রার্থীও নির্বাচন বর্জন করেছেন।

রবিবার বেলা পৌনে ১২টায় উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেন তারা।

সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর আলম মজুমদার বলেন, বহিরাগতদের দিয়ে পৌর এলাকার নয়টি ভোটকেন্দ্র ভোট দেয়ানো হচ্ছে। অথচ বিএনপির ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। আমাদের এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়েছে। বার বার অভিযোগ করা হলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে। তাই আমরা বাধ্য হয়ে নির্বাচন বর্জন করেছি।

এদিকে ভোট কারচুপি ও ভোট ডাকাতির অভিযোগ তুলে ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচন বর্জন করেছেন বিএনপি দলীয় মেয়র প্রার্থী জামাল উদ্দিন সেন্টু।

রবিবার বেলা ১১টার দিকে সোনাগাজী পৌর শহরের কলেজ রোড এলাকায় সেন্টু তার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

এসময় সেন্টু জানান, সকাল ৮টায় ভোট শুরু হওয়ার আগেই বহিরাগত দুর্বৃত্তরা সব ভোট দিয়ে ফেলেছে৷ তাই আমি নির্বাচন বর্জন করছি। আমরা চাই, নির্বাচন কমিশন পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচন আয়োজন করুক।

আজ রবিবার সকাল আটটা থেকে ঝালকাঠি, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজারের মহেশখালী ও চকরিয়া, ফেনীর সোনাগাজী, কুমিল্লার নাঙ্গলকোর্ট, নোয়াখালীর কবিরহাট, ফরিদপুরের ভাঙ্গা, রংপুরের হারাগাছসহ দশটি পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল চারটা পর্যন্ত।

এআই