ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন, আওয়ামী সরকার একদিকে ধারাবাহিকভাবে খুন ও গুম চালিয়ে যাচ্ছে, অন্যদিকে গণমাধ্যমের কণ্ঠরোধ করতে উঠেপড়ে লেগেছে। নির্যাতনের খবর চাপা দিতেই গণমাধ্যমের কণ্ঠরোধ করছে সরকার।
ছাত্রশিবির নরসিংদী জেলা আয়োজীত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার বিকালে ৩টায় স্থানীয় মিলনায়তনে জেলা সভাপতি মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি জামাল উদ্দিনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী পূর্বের সভাপতি রেজাউল হক রিয়াজ।
শিবির সেক্রেটারি জেনারেল বলেন, আওয়ামীলীগ কখনোই গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেনি। পঁচাত্তর পূর্ব সময়ে আমরা দেখেছি এই দলটি চারটি ছাড়া আর সব গণমাধ্যম বন্ধ করে দিয়েছে। বিগত সময়ে ক্ষমতায় এসে একইভাবে তারা দিগন্ত টিভি, ইসলামিক টিভি, আমার দেশ বন্ধ করে দিয়েছে। রাতের আঁধারে যখন সরকার মতিঝিলের শাপলা চত্ত্বরে ধর্মপ্রাণ মুসলমানদের হত্যায় মেতে উঠেছিল, একই সময় তারা কোন খবর যেন বাইরে না যায়, সেজন্য দিগন্ত ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছিল। এখন সম্প্রচার নীতিমালার নামে সরকার যে বাকাশালের দিকেই ফিরতে চাইছে, তা সচেতন জনগণের সামনে পরিস্কার।
তিনি বলেন, সারাদেশে আজ রাজনৈতিক নেতাকর্মীদের ওপর নির্যাতনের ষ্টীমরোলার চালানো হচ্ছে। শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদকে অন্যায়ভাবে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে পুলিশ নির্মম নির্যাতন চালিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সরকারের মদদ পুষ্ট গণমাধ্যমগুলি এসব খবর প্রকাশ করছে না। কোনভাবেই যেন নির্যাতন-নিপিড়নের খবর গণমাধ্যমে না আসে, সেজন্যই সরকার সম্প্রচার নীতিমালা করেছে। কিন্তু এটা করে সরকার পার পাবে না। ছাত্রজনতা; গণমাধ্যমের বিরুদ্ধে সরকারের এই চক্রান্তের জবাব দিতে আন্দোলন চালিয়েই যাবে।
শিবির সেক্রেটারি জেনারেল অগণতান্ত্রিক জাতীয় সম্প্রচার নীতিমালার বিরুদ্ধে ছাত্রজনতাকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যেতে সংগঠনের দায়িত্বশীলদের প্রতি আহবান জানান।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





