টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী দুই ভাইস চেয়ারম্যানসহ বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিএনপি'র ডাকা  সকাল থেকে আধাবেলা হরতাল চলছে।
সোমবার বিকালে ধনবাড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে এ হরতালের ঘোষণা দেন ধনবাড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম আজিজুর রহমান।
তিনি লিখিত অভিযোগে জানান, শনিবার নির্বাচনের পর আওয়ামী লীগের সন্ত্রাসীরা দু'দিন ধরে বিভিন্ন গ্রামে বিএনপি কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং মারপিটের ঘটনা ঘটায়।
সোমবার দুপুরে বিএনপি নেতারা যদুনাথপুর ইউনিয়নের পাড় বওলা গ্রামে ক্ষতিগ্রস্ত দলীয় নেতাকর্মীদের বাড়িঘর পরিদর্শনে গেলে ছাত্রলীগ নেতা ছোটন, রুবেল হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়।
হামলায় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মহর উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন রহমান, পরাজিত দলীয় চেয়ারম্যান প্রার্থী হাবিবুল্ল্যাহ ফকির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম ছোবহানসহ বিএনপির ১৫ নেতাকর্মী আহত হন।
এসময় দুটি মোটর সাইকেল ভাঙচুর করে তারা। আহতরা মধুপুর ও জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন।
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]