আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, সাম্প্রতিক নারায়ণগঞ্জ ও ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা ও সহিংসতা রোধে এবং সরকার ও দলের জন্য কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে আওয়ামী লীগ।
সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও সংসদীয় দলের যৌথ সভায় এ কঠিন সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন সুরঞ্জিত সেন গুপ্ত।
সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইনঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধন তৈরী করে রাজনৈতিক দল। তাই তৃণমূল থেকে দলকে সুসংগঠিত করা সময়ের দাবি।
সুরঞ্জিত বলেন, যুদ্ধপরাধী ও জামায়াতের বিচার নিয়ে নানান কথা উঠেছে। প্রধানমন্ত্রীর ও দলের পক্ষথেকে স্পষ্ট করে বলতে চাই। যুদ্ধাপরাধী ও সন্ত্রাসী দল হিসেবে জামায়াত- শিবিরের বিচার হবেই। এতে কোন সন্দেহ, সংশয়ের অবকাশ নেই। আইনমন্ত্রনালয় যদি মনে করে এতে আইন সংশোধনের প্রয়োজন আছে তাহলে সেটা করতে পারে।
তিনি আরও বলেন, সাবেক ও বর্তমান আইনমন্ত্রীর বক্তব্য আলাদা আলাদা হতে পারে। তবে জামায়াতের বিচারের রায় আদালত থেকেই আসবে।
বিএনপির মধ্যেবর্তী নির্বাচনের দাবি নাকশ করে দিয়ে তিনি বলেন, দেশে বর্তমানে মধ্যবর্তী নির্বাচনের কোন বাস্তব অবস্থা বিরাজ করছে না। এটা বিএনপির অসাংবিধানিক দাবি। তাদেরকে (বিএনপি) সাংবিধানিক তারিখের জন্য অপেক্ষা করতে হবে।
সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজির সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মোজাফ্ফর হোসেন পল্টু, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোটে আসাদুজ্জামান দূর্জয়, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ২ জুন (টাইমনিউজবিডি.কম)[/b]