বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০ দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার রাত সোয়া ৯টায় এ বৈঠক শুরু হয়ে রাত পৌনে ১১টায় শেষ হয়।

বৈঠকের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে বুধবার সকাল ১১টায় নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরউত্তম, জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীরপ্রতীক, খেলাফত মজলিশের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, পিপলস লীগের সভাপতি গরিবে নেওয়াজ, ডেমোক্রেটিক লীগের সভাপতি সাইফুদ্দিন মনি এবং সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ।

এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বৈঠকে উপস্থিত ছিলেন।

ঢাকা, এমএইচ, ৩০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম