দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আওয়ামী লীগের পাপ মোচন মেশিন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দুদক আজ আওয়ামী লীগের পাপ মোচন মেশিনে পরিণত হয়েছে। আওয়ামী লীগের কেউ দুর্নীতির দায়ে অভিযুক্ত হলেও দুদক নামক মেশিনে তারা ভাল মানুষের সার্টিফিকেট পেয়ে যাচ্ছে।

কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল মাঠে ২০ জোট আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ১/১১-এর সময় সকল রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আপনারা নিজেদের নামে থাকা মামলাগুলো প্রত্যাহার করে আমাদরে বিরুদ্ধে থাকা মামলা গুলো সচল রেখেছেন।

সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, বিরোধীদল ও মতের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে যাচ্ছেন। আর কত মামলা দিবেন। মামলার ভয় দেখাবেন না। বিএনপির নেতাকর্মীরা মামলাকে ভয় পায় না।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনারা কি এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চান। না দেখতে চাইলে তাদেরকে আর ক্ষমতায় রাখা যাবে না।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, আজকে বাংলাদেশে কারো কথা বলার অধিকার নেই। কোনো অন্যায়ের প্রতিবাদ করা যায় না।

তিনি আরও বলেন, এ সরকার জনগণের ভোটে ক্ষমতায় আসে নাই বলেই বাংলাদেশে কোনো অন্যায়ের প্রতিবাদ করার সুযোগ নেই। কিছু হলেই তারা বিরোধী মতের নেতাকর্মী ও জনগণকে মামলা হামলার ভয় দেখায়।

মির্জা আব্বাস বলেন, সমাবেশকে ঘিরে পুরো কিশোরগঞ্জবাসী আজ উৎসবের শহরে পরিণত হয়েছে। হাজার হাজার জনতার উপস্থিতিতেই বুঝা যায় দেশের মানুষ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।

দেশের চলমান নৈরাজ্যের বিরুদ্ধে দেশনেত্রী কোনো আন্দোলনের ডাক দিলে আমরা তা বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়ব বলেও জানান তিনি।

এলডিপিরি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেন, দেশের মানুষ শান্তিতে নেই কারণ দেশে এখন নৈরাজ্য চলছে। ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে আবার বাকশাল কায়েম হয়েছে।

কর্নেল অলি আরও বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে ৫ ভাগ মানুষও ভোট দিতে যায় নি। তাহলে তিনি কার প্রধানমন্ত্রী। বর্তমান সংসদের স্পিকারও নির্বাচিত নয়। তাই একের পর এক অঘটন হলেও কিছু না বলে তারা নিশ্চুপ থাকে।

কেএইচ