সিটি নির্বাচনে সহযোগিতা করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চিঠি দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র পদে প্রতিদ্বন্ধি তাবিথ আউয়াল।
বুধবার বিকালে গণমাধ্যমে প্রেরিত তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনি এই ধন্যবাদ জানান।
সংবাদকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, আপনি জানেন, শান্তিপূর্ণ পরিবেশে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে-এ আশা ও বিশ্বাস নিয়ে আমি ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হয়েছিলাম।
কিন্তু গতকাল মঙ্গলবার নির্বাচনের দিন যা ঘটেছে তা ভোট কারচুপির ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে, যা আপনারা অবহিত আছেন।
তাবিথ আউয়াল আরও বলেন, প্রার্থীতা ঘোষণার শুরু থেকেই সাংবাদিক হিসেবে আপনি যতখানি সহযোগিতা করেছেন এজন্য আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আশা করি, আগামী দিনগুলোতেও আপনার সার্বিক সমর্থন, সহমর্মিতা ও সহযোগিতা পাব। আমিও সব সময় আপনার পাশে থাকতে চাই।
এমএইচ





