বাংলাদেশে গণতন্ত্রের কবর রচনা করার জন্য রাস্তা তৈরি করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)এম নুরুল হুদা’কে ‘ধন্যবাদ’ জানিয়েছে বিএনপি।
আজ (মঙ্গলবার) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত বৈঠকে এই ধন্যবাদ জানায় দলটি।
বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু জানান, সরকারের চাহিদা মতো নির্বাচন দিয়ে আগামীর বাংলাদেশে গণতন্ত্রের কবর রচনা করার জন্য নির্বাচন কমিশন যে রাস্তাটি তৈরি করেছে তার জন্য সিইসিকে ধন্যবাদ দিয়েছে বিএনপি।
আজ বিকেলে সিইসি’কে এম নুরুল হুদার সঙ্গে বিএনপির ৩ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে বসে। বৈঠকে আরও ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স।
বৈঠক শেষে বরকত উল্লাহ বুলু সাংবাদিকদের বলেন, আজকে গাজীপুর সিটি করপোরেশনে যেভাবে নির্বাচন হয়েছে এজন্য ওনাদের আমরা ধন্যবাদ দিয়েছি। সরকার যেভাবে চেয়েছে নির্বাচন কমিশন সেভাবে নির্বাচন করেছে। এজন্য তাদের ধন্যবাদ। আমরা সিইসিকে বলেছি, আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রের কবর রচনার জন্য আপনারা যে রাস্তাটি তৈরি করেছেন সেজন্য ধন্যবাদ। আপনাদের কাছে আপাতত আমাদের আর কোনো অভিযোগ নেই।
বুলু বলেন, আজকে নির্বাচন কীভাবে হয়েছে তা দেশবাসী দেখেছে। গাজীপুরে আমাদের এজেন্টদের বের করে দেওয়ার ব্যাপারে সেখানকার আওয়ামী লীগের নেতাকর্মীদের থেকে পুলিশের ভূমিকা বেশি ছিল বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল অভিযোগ করে বলেন, আমরা অভিযোগ করি নির্বাচন কমিশনের কাছে। আর উত্তর দেয় এইচ টি ইমাম সাহেব, ওবায়দুল কাদের সাহেব। আমরা তো তাদের কাছ থেকে উত্তর চাই না। আমরা কমিশনের কাছ থেকে উত্তর চাই। আলাল বলেন, আমরা সিইসিকে সব কিছু জানানোর পর তিনি আমাদের নেতাকর্মীদের শেষ পর্যন্ত মাঠে থাকার পরামর্শ দিয়েছেন।
ভোট গ্রহণ শেষে সাংবাদিকদের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেছেন, ‘৮০ বছরের ইতিহাসে এমন ভোট ডাকাতি দেখেনি গাজীপুরবাসী’
গাজীপুরবাসী ৮০ বছরের ইতিহাসে এমন ভোট ডাকাতি দেখেনি বলে অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।
আজ (মঙ্গলবার) নির্বাচনের ভোট গ্রহণ শেষে সাংবাদিকদের হাসান সরকার এ কথা বলেন।
বিএনপি মেয়র প্রার্থী বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ৪’শর অধিক কেন্দ্রে ভোট জালিয়াতি হয়েছে। আওয়ামী লীগের স্বরূপ উন্মোচন করার জন্যই বিএনপি নির্বাচন বয়কট করেনি বলে জানান হাসান সরকার।
হাসান সরকার অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির মাধ্যমে একচেটিয়াভাবে ভোট গ্রহণ হয়েছে গাজীপুরে। বিএনপির এজেন্টদের জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।
ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। এমন ভোট ইতোপূর্বে গাজীপুরবাসী দেখেনি। এমন নির্বাচনের মাধ্যমে কমিশনকে ধ্বংস করে দেয়া হয়েছে।
এমবি





