আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতা মওদুদ, মির্জা ফখরুল প্রধান বিচারপতির মুখপাত্রের ভূমিকা পালন করছেন।

আজ মঙ্গলবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়াতনে ছাত্রলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার স্মরণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সুপ্রিমকোর্টের রায়ের পর বিএনপির ব্যরিস্টার মওদুদ ও মির্জা ফখরুল যেভাবে বক্তব্য রাখছেন, মনে হচ্ছে যেন তারাই প্রধান বিচারপতির 'স্পোকস্ ম্যান'(মুখপাত্র)। ষোড়শ সংশোধনীর রায়ের পর তারা বাংলাদেশে রাজনীতির অশুভ খেলা শুরু করেছেন। আদালতের ইস্যু নিয়ে রঙিন খোয়াব দেখছে। এই রঙিন খোয়াব অচিরেই ভেঙ্গে যাবে। বিএনপির দল হিসেবে অস্তিত্বই হুমকির মুখে পড়বে সেদিন আর বেশি দূরে নয়।

ওবায়দুল কাদের বলেন, মওদুদ আহমেদ ডিগবাজিতে চ্যাম্পিয়ন। আর ফখরুল সাহেব এখন মওদুদের বুদ্ধিতে সুপ্রিম কোর্টের মুখপাত্র। ষোড়শ সংশোধনীর রায়ের পর মওদুদ আহমেদ বলছেন, বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগের স্বাধীনতা কি আপনারা দিয়েছেন? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কি প্রধান বিচারপতির সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করেছেন? মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে কি গোপনে রাতের আধারে দেখা করেছে?

প্রধান বিচারপতিকে আমাদের অবস্থান পরিস্কার করে দেয়া বা অবস্থান তুলে ধরার জন্য সেখানে গিয়েছি। আমিতো একজন মন্ত্রীও। আমি কি যেতে পারিনা প্রধান বিচারপতির কাছে? তিনি (প্রধান বিচারপতি) তো ঢাকা-সিলেট রাস্তা নিয়েও এর আগে আমাকে আমন্ত্রণ করেছেন। তখনও নৈশভোজ হয়েছে। নৈশভোজ নিয়ে কেউ আলোচনা করে না। আর সেদিন গেলাম সেটা নিয়ে এতো কিছু।

ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাংসদ নজরুল ইসলাম বাবু, সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান প্রমুখ।

এমবি