আসন্ন ডিসিসি নির্বাচনে মহানগর উত্তরে মেয়র নির্বাচনে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা এবং ব্যবসায়ী মূসা বিন শমসেরের ছেলে ববি হাজ্জাজ।

শনিবার রাজধানীর বনানীতে ব্যবসায়িক কার্যালয়ে বেলা পৌনে ১২টার দিকে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠককালে এ ঘোষণা দেন ববি।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ওই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে নেতা-কর্মীদের দাবির মুখে পার্টির চেয়ারম্যান এরশাদের নির্দেশ অমান্য করে তিনি নিজেকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিতে পারেন, কিংবা প্রার্থী বদল করতে এরশাদকে আলটিমেটাম দিতে পারেন বলে জানা গেছে।

বৈঠকে পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ সোহেল রানা, ভাইস চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাকুর রহমান মোস্তাক, ছাত্রসমাজের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মিজানুর রহমান হিমু, মহানগর নেতা আনোয়ার হোসেন তোতা, নাজিম উদ্দিনসহ বিভিন্ন থানার নেতা-কর্মীরা অংশ নিয়েছেন।

বৈঠকে মহানগরীর বিভিন্ন থানার নেতৃবৃন্দ যারা ববি হাজ্জাজকে মেয়র প্রার্থী হিসেবে চান, তাদের প্রায় সবাই বক্তব্য রাখবেন বলে জানা গেছে। এদিকে ববি হাজ্জাজের কর্মকা- পর্যবেক্ষণ করছে দলের নীতি নির্ধারকরা। এ বিষয়টি নিয়ে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর কাছে ববি হাজ্জাজের বিরুদ্ধে নালিশ গেছে। যে কোনো সময় তার বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

ইআর