রাজধানীর কারওয়ান বাজারে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলা এবং গাড়ী ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।
আজ সোমবার এক বিবৃতির মাধ্যমে তিনি এ নিন্দা জানান।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এ ন্যক্কারজনক ঘটনা সংঘটিত করার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে।
এ ঘটনার দ্বারা আবারও প্রমাণিত হল সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় না। বিরোধী দলের সমর্থিত প্রার্থীগণ যাতে নির্বাচনী ময়দানে থাকতে না পারে সে জন্যই সরকারী দলের সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।
গত কয়েক দিন যাবত মাননীয় প্রধানমন্ত্রীসহ মন্ত্রীগণ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে উস্কানীমূলক বক্তব্য দিচ্ছেন তারই ফলশ্রুতিতে আজ আওয়ামী লীগের সন্ত্রাসীরা বেগম খালেদা জিয়ার গাড়ী বহরের ওপর হামলা চালিয়েছে।
তিনি আরো বলেন, নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ সরকার সমর্থিত প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং বিরোধী দলের সমর্থিত প্রার্থীদের প্রতি অব্যাহতভাবে হুমকি প্রদর্শন করছেন। অথচ নির্বাচন কমিশন তার বিরুদ্ধে কোন পদক্ষেপই গ্রহণ করছে না। এ থেকেই প্রমাণিত হচ্ছে যে, বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়।
ডা. শফিকুর রহমান বলেন, আজকে বেগম খালেদা জিয়ার গাড়ী বহরের ওপর হামলার ঘটনার দ্বারাই প্রমাণিত হয় যে, সরকার নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে চায় না। সরকারী দল পেশী শক্তির মাধ্যমে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য ষড়যন্ত্র করছে। তারা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে সরকারী দলের সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার অপচেষ্টা চালাচ্ছে।
বিরোধী দলের সমর্থিত প্রার্থীদের নিরাপত্তা বিধানের জন্য যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং নির্বাচনী আচরণ বিধি মেনে চলতে সবাইকে বাধ্য করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আমি নির্বাচন কমিশনের প্রতি আহবান জানাচ্ছি। সেই সাথে সরকারী দলের সন্ত্রাসী তা বের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমি জনগণের প্রতি আহবান জানান তিনি।
এসএইচ





