রপ্তানি বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদের অনেক দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দেশের ভাবমূর্তি রক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, নিজ নিজ অবস্থান থেকে দেশের সকল শ্রেণি-পেশার মানুষকেই কাজ করতে হবে। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ইকনোমিক রিপোর্টার্স ফোরামের নব-নির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তোফায়েল বলেন, বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চলছে। অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে রপ্তানি বাণিজ্যে এগিয়ে যাচ্ছে দেশ।  
তিনি আরও বলেন, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সহযোগিতা চুক্তি টিকফা স্বাক্ষর করেছে। এর প্রথম সভা আগামী ২৭ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশের তৈরী পোশাক রপ্তানিতে একক দেশ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় বাজার। এ সভায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদ, ইকনোমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর