বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদেশি নাগরিক হত্যার ঘটনা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের দায়িত্বহীন উক্তি তদন্তে বাধা সৃষ্টি করবে। এতে প্রকৃত আততায়ীকে চিহ্নিত করতেও বাধার সম্মুখীন হতে হবে।
আজ রোববার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এই কথা বলেন। বিবৃতিতে মির্জা ফখরুল সরকারের বা আওয়ামী লীগের কোনো নেতার নাম উল্লেখ করেননি।
অবশ্য মির্জা ফখরুল বিবৃতিতে দেওয়ার কয়েক ঘণ্টা আগে সংবাদ সম্মেলনে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেন, বিদেশি হত্যায় বিএনপি-জামায়াতের হাত আছে।
বিবৃতিতে মির্জা ফখরুল আরও বলেন, ‘দুজন বিদেশি নাগরিককে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরনের হত্যাকাণ্ড প্রমাণ করে যে বর্তমানে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের দায়িত্বহীন উক্তি কেবলমাত্র তদন্তের ব্যাঘাত সৃষ্টি করবে না, বরং প্রকৃত আততায়ীকে চিহ্নিত করতেও বাধার সম্মুখীন হতে হবে।’
সুষ্ঠু তদন্তের মাধ্যমে দু’জন বিদেশি নাগরিককে হত্যাকারী আততায়ীদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল।
এমএইচ





